দেশে সুষ্ঠু ও টেকসই ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে প্রতিযোগিতা আইন কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন বিনিয়োগকারীরা। তাঁদের মতে, প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে উঠলে ভোক্তার স্বার্থ যেমন সুরক্ষিত হবে, তেমনি বিনিয়োগ ও কর্মসংস্থানও বাড়বে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) আয়োজিত মতবিনিময় সভায় এ আহ্বান জানান দেশি-বিদেশি বিনিয়োগকারীরা। সভার শিরোনাম ছিল “প্রতিযোগিতা আইন ২০১২ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যাবলি বিষয়ক অবহিতকরণ”।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসান। সভাপতিত্ব করেন ফিকির সভাপতি জাভেদ আখতার। উপস্থিত ছিলেন ফিকির পরিচালনা পর্ষদের সদস্য সুমিতাভা বসু, সদস্য কোম্পানির প্রতিনিধিরা এবং প্রতিযোগিতা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে এ এইচ এম আহসান বলেন, প্রতিযোগিতা আইন মুক্তবাজার অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে বাস্তবায়িত হলে সিন্ডিকেট ও কার্টেল কার্যক্রম বন্ধ হবে। এতে ভোক্তার স্বার্থ রক্ষা পাবে, নতুন বিনিয়োগ বাড়বে এবং উদ্যোক্তারা উদ্ভাবনে উৎসাহিত হবেন। তিনি আরও বলেন, এর মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে যাবে।
সভাপতির বক্তব্যে জাভেদ আখতার বলেন, ফিকির সদস্যরা চান ব্যবসায় সুষ্ঠু প্রতিযোগিতা বজায় থাকুক। তবে আইন যেন ব্যবসার বিকাশে কোনো বাধা সৃষ্টি না করে, সেটিও নিশ্চিত করতে হবে। ফিকির নির্বাহী পরিচালক টি আই এম নুরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কমিশনের কর্মকর্তারা ও ফিকির সদস্য কোম্পানির প্রতিনিধিরা প্রতিযোগিতা আইন বাস্তবায়ন এবং সম্ভাব্য সংশোধনী নিয়ে মতামত দেন।

