সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) তৌফিকা করিমের নামে থাকা ১১৪টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবের মাধ্যমে ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা অবৈধ লেনদেন হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। এর আগে সিআইডির উপ-পুলিশ পরিদর্শক (নি.) (ফাইন্যান্সিয়াল ক্রাইম) মো. মনিরুজ্জামান তৌফিকা করিমের নামে থাকা ১১৪টি ব্যাংক হিসাব জব্দের আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, তৌফিকা করিম আইনমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে আদালতে আসামি জামিন, নিয়োগ বাণিজ্য, বদলির তদবিরসহ নানা অপকর্ম করেছেন। এই উপায়ে অর্জিত অর্থ দিয়ে তিনি ফ্ল্যাট, গাড়ি ও জমি কেনার পাশাপাশি বিদেশে অর্থপাচার করেছেন।
তৌফিকার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক হিসাবের মধ্যে ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা জমা ছিল। এ থেকে ৫৬৬ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৫৭৫ টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে হিসাবগুলোর স্থিতি ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা।

আবেদন থেকে জানা যায়, তৌফিকা করিম ক্ষমতার অপব্যবহার করে সংঘবদ্ধভাবে অবৈধ অর্থ গ্রহণ ও বিভিন্ন দেশে পাচার করেছেন। এটি মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ২ (শ) (২৬) ও (১৪) ধারার অপরাধের অন্তর্ভুক্ত। আদালত মনে করছে, এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ না করলে অর্থ অন্যত্র হস্তান্তর হতে পারে।

