বন্ধু, আত্মীয়, ব্যবসায়িক অংশীদার কিংবা ক্রেতার কাছ থেকে ধার দেওয়া টাকা বা ব্যবসায়িক লেনদেনের অর্থ ফেরত না পাওয়া বাংলাদেশে একটি সাধারণ সমস্যা। অনেকেই এ ক্ষেত্রে বারবার তাগাদা দেন, ফোন করেন বা দেখা করেন কিন্তু বেশিরভাগ সময়েই প্রতিশ্রুতি দিয়ে সময়ক্ষেপণ করা হয়। যখন সব প্রচেষ্টা ব্যর্থ হয়, তখন আইনের আশ্রয় নেওয়া ছাড়া উপায় থাকে না। আর সেই প্রক্রিয়াটিই হলো মানি স্যুট মামলা।
মানি স্যুট মামলা কী?
মানি স্যুট হচ্ছে দেওয়ানি আদালতে দায়ের করা একটি মামলা, যেখানে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনি প্রক্রিয়ার মাধ্যমে অন্য কারো কাছ থেকে পাওনা অর্থ আদায়ের চেষ্টা করেন। এটি মূলত তিনটি কারণে হয়ে থাকে—
- ধার দেওয়া টাকা ফেরত না পাওয়া
- ব্যবসায়িক লেনদেনে বকেয়া তৈরি হওয়া
- কোনো চুক্তির ভিত্তিতে পাওনা অর্থ বাকি থাকা, এই মামলা মূলত ঋণ, ব্যবসায়িক দেনা-পাওনা বা চুক্তির টাকা আদায়ের নিরাপদ আইনি পথ।
মামলা দায়েরের ধাপ: মানি স্যুট মামলা করার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়।
- আইনি নোটিশ প্রদান: প্রথমে পাওনাদারের বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে একটি আইনি নোটিশ পাঠাতে হয়। এতে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে বলা হয়।
- খসড়া তৈরি: নোটিশ পাওয়ার পরও যদি টাকা ফেরত না আসে, তবে আইনজীবী একটি অভিযোগপত্র প্রস্তুত করেন। এতে পাওনা টাকার হিসাব, চুক্তির শর্ত ও প্রমাণাদি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়।
- মামলা দায়ের: প্রস্তুত অভিযোগপত্র নিয়ে স্থানীয় দেওয়ানি আদালতে মামলা দায়ের করা হয়।
- কোর্ট ফি জমা: দাবিকৃত টাকার পরিমাণ অনুযায়ী নির্দিষ্ট হারে কোর্ট ফি জমা দিতে হয়। এটি ছাড়া মামলা গ্রহণ করা হয় না।
প্রমাণপত্র দাখিল: মামলার সাথে প্রমাণ হিসেবে জমা দিতে হয়—
- চুক্তিপত্র, হ্যান্ডনোট বা টাকা লেনদেনের লিখিত কাগজ
- ব্যাংক ট্রান্সফার, চেক বা নগদ রশিদের কপি
- জাতীয় পরিচয়পত্র বা অন্য কোনো পরিচয়পত্র
- প্রয়োজনে সাক্ষীর জবানবন্দি
চুক্তিপত্র না থাকলে যা করবেন: অনেক ক্ষেত্রে মৌখিক চুক্তির ভিত্তিতে টাকা ধার দেওয়া হয় বা ব্যবসায়িক লেনদেন সম্পন্ন হয়। এ অবস্থায় লিখিত চুক্তিপত্র না থাকলেও মানি স্যুট মামলা করা সম্ভব। তবে এখানে প্রমাণের গুরুত্ব অনেক বেড়ে যায়। হ্যান্ডনোট, টাকা দেওয়ার সময়কার মেসেজ, ইমেইল, ব্যাংক লেনদেনের কাগজ বা বিশ্বস্ত সাক্ষীর জবানবন্দি আদালতে প্রমাণ হিসেবে কাজে আসে।
আদালতের প্রক্রিয়া: মামলা দায়ের হওয়ার পর আদালত উভয় পক্ষকে নোটিশ পাঠায়। পাওনাদার আদালতে হাজির হয়ে নিজের বক্তব্য জানাতে পারেন। এরপর শুনানি, প্রমাণ যাচাই ও সাক্ষ্যগ্রহণের মাধ্যমে বিচারক রায় দেন। যদি পাওনাদারের বিরুদ্ধে রায় হয়, তবে আদালত আদেশ দিয়ে দেনা পরিশোধে বাধ্য করে। প্রয়োজনে সম্পত্তি জব্দ বা বিক্রির মাধ্যমে পাওনা আদায়ও করা যায়।
যেকারণে মানি স্যুট গুরুত্বপূর্ণ?
- এটি পাওনা টাকা ফেরতের জন্য বৈধ ও নিরাপদ পথ
- ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রতারণা থেকে সুরক্ষা দেয়
- আদালতের রায় থাকায় টাকা আদায়ের সুযোগ বাড়ে
- আইন অনুসারে সমাধান হওয়ায় দীর্ঘমেয়াদি ঝামেলা এড়ানো যায়
পাওনা টাকা ফেরত পাওয়া কখনও সহজ নয়, কিন্তু আইনের সহায়তায় তা নিশ্চিতভাবে সম্ভব। মানি স্যুট মামলা শুধু টাকা আদায়ের হাতিয়ার নয়, এটি ব্যক্তিগত ও ব্যবসায়িক নিরাপত্তার এক শক্তিশালী উপায়। সঠিক প্রমাণ, ধৈর্য ও অভিজ্ঞ আইনজীবীর সহায়তায় আপনি শুধু আপনার অধিকার রক্ষা করবেন না, একই সঙ্গে ভবিষ্যতের ঝামেলা থেকেও নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। আইনের এই ব্যবস্থা ব্যবহার করুন, যাতে আপনার পাওনা টাকা সহজে ফেরত আসে এবং শান্তি ফিরে আসে আপনার আর্থিক ব্যবস্থায়।

