পুরনো দলিলের মাধ্যমে জমির নামজারি করা আইনের পরিপন্থী নয়। তবুও অনেক ভুক্তভোগী নামজারি করতে গিয়ে জটিলতার সম্মুখীন হচ্ছেন। এই সমস্যা সহজভাবে সমাধান করা যায় মাত্র একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করলে।
অনেকে পুরনো আর, এস দাগ অনুযায়ী তৈরি দলিল দিয়ে নামজারি করতে গিয়ে ভূমি অফিস থেকে রেকর্ড সংশোধনের পরামর্শ পান। এতে সময় ও অর্থ উভয়ই নষ্ট হয়। যদি জমিটি আপনার বাবা বা দাদা পুরনো রেকর্ড অনুযায়ী কিনে থাকেন এবং তা এখনো বি, এস বা আর, এস রেকর্ডে প্রতিফলিত হয়নি, তাহলে খাজনা পরিশোধ বা জমি হস্তান্তর করতে সমস্যা দেখা দিতে পারে।
সমস্যার সহজ সমাধান হলো প্রথমে নিশ্চিত হওয়া যে দলিল গ্রহণকারী ব্যক্তি বা সংস্থার নাম বি, এস বা আর, এস রেকর্ডে আছে। এরপর দলিল অনুযায়ী নির্দিষ্ট দাগের সূচি উত্তোলন করে অনলাইনে মিউটেশনের জন্য আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে দাগের সূচি সংযুক্ত করে তা সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে:
- আবেদনকারীর ছবি ও স্বাক্ষর
- মূল দলিলের অনুলিপি
- বায়া দলিল
- খতিয়ানের অনুলিপি
- ভূমি উন্নয়ন কর পরিশোধের প্রমাণ (যেমন ডিসিআর)
- ওয়ারিশান সনদ (যদি প্রযোজ্য)
- বণ্টননামা (যদি প্রযোজ্য)
এরপর ভূমি কর্মকর্তার সঙ্গে আলোচনা করে জমি ক্রয়ের বিষয়টি স্পষ্ট করতে হবে। তিনি বিষয়টি সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে প্রতিবেদন হিসেবে পাঠাবেন। শেষ ধাপে নির্ধারিত শুনানির দিনে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হয়ে এসিল্যান্ডকে বিষয়টি পরিষ্কারভাবে বোঝালে নামজারি সম্পন্ন হবে। সূত্র: ‘ল’ ইয়ার্স ক্লাব

