বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান বিদেশে থাকা বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের জন্য একটি আইনি নোটিশ পাঠিয়েছেন।
গতকাল রোববার, রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রেরণ করা হয়। নোটিশে বলা হয়েছে, সম্প্রতি জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে যে, পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে থাকা বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে।
আইনজীবী নোটিশে উল্লেখ করেছেন, এই নির্দেশ সংবিধানবিরোধী, রাষ্ট্রীয় প্রোটোকল লঙ্ঘনকারী এবং রাষ্ট্রপ্রধানের মর্যাদার পরিপন্থী। নোটিশে সংবিধানের অনুচ্ছেদ ৪৮(২) উদ্ধৃত করে বলা হয়েছে, “রাষ্ট্রপতি হইবেন রাষ্ট্রের প্রধান এবং তিনি রাষ্ট্রের সকল ব্যক্তির উপর অগ্রাধিকারে থাকবেন।” সুতরাং, রাষ্ট্রপতির ছবি অপসারণের নির্দেশ সংবিধানবিরোধী এবং রাষ্ট্রপতির পদমর্যাদার প্রতি অসম্মানজনক। নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত বা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি বৈধ রাষ্ট্রপ্রধান। তাই তার ছবি সরানো রাষ্ট্রের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে।
আইনি নোটিশে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ১০ দিনের মধ্যে বিদেশে থাকা সকল বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের নির্দেশ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সাথে উল্লেখ করা হয়েছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ছবিও, যিনি প্রধানমন্ত্রীর মর্যাদাসম্পন্ন, রাষ্ট্রপতির ছবির সঙ্গে প্রদর্শন করতে হবে। নোটিশে সতর্ক করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে জনস্বার্থে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে, যাতে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করা যায়।

