২০২৪ সালে বাংলাদেশে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংঘটিত অবিস্মরণীয় জুলাই গণঅভ্যুত্থান দেশের বিচার ব্যবস্থার সংস্কারের দাবি আরও জোরালোভাবে সামনে এনেছিল। এই আন্দোলন মূলত ন্যায়বিচার, জবাবদিহিতা ও স্বচ্ছতার ওপর ভিত্তি করে গঠিত ছিল, যা একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ গঠনের অপরিহার্য অংশ।
এই পরিবর্তনের ধারাবাহিকতায় ২০২৪ সালের ১০ আগস্ট বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এটি জাতির বিচারব্যবস্থার ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা করে। দায়িত্ব গ্রহণের সময় বিচার বিভাগের প্রতি জনগণের প্রত্যাশা ছিল উচ্চ এবং প্রাতিষ্ঠানিক পুনর্গঠন ছিল সময়ের দাবি।
জনগণের প্রত্যাশা ও জুলাই বিপ্লবের চেতনাকে সামনে রেখে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন। রোডম্যাপের মাধ্যমে তিনি বিচারব্যবস্থাকে আধুনিক, দক্ষ ও সুশৃঙ্খল করার জন্য যুগোপযোগী কর্মসূচি শুরু করেন।
রোডম্যাপের মূল লক্ষ্য ছিল বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা এবং স্বাধীনতা, সততা ও দক্ষতার নীতিতে বিচার প্রক্রিয়া পরিচালিত করা। প্রধান বিচারপতির দৃষ্টিভঙ্গি ছিল বিচার বিভাগ কেবল ন্যায়বিচার প্রদানেই সীমাবদ্ধ থাকবে না, বরং নিজের কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ন্যায়বিচারের আদর্শকে দৃশ্যমান করবে।
জাতির এই ক্রান্তিলগ্নে প্রধান বিচারপতির উদ্যোগকে জনগণকেন্দ্রিক ও সময়োপযোগী সংস্কারের এক অনন্য প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে তিনি বিচারক, আইনজীবী, উন্নয়ন সহযোগী ও নাগরিক সমাজের সঙ্গে সমন্বয় করে সংস্কারের নানা পদক্ষেপ গ্রহণ করেন। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতার ওপর। জনগণের হারানো আস্থা পুনরুদ্ধারেই মূলত এই সংস্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আইন মন্ত্রণালয়, বার কাউন্সিল, একাডেমিয়া ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ভিত্তিক কাঠামো তৈরি করা হয়েছে, যা বিচার বিভাগের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জুলাই অভ্যুত্থান-পরবর্তী এই রূপান্তর প্রমাণ করে, রাজনৈতিক পরিবর্তনের পরপরই বিচার বিভাগের জন্য স্পষ্ট সংস্কার রূপরেখা ঘোষণা করা কতটা জরুরি। প্রধান বিচারপতির রোডম্যাপ জনগণকে নতুন আশা দিয়েছে এবং দেখিয়েছে যে, জনগণের আস্থা ফিরিয়ে আনা একটি টেকসই বিচার বিভাগের মূল ভিত্তি।
এ অভিজ্ঞতা আরও নির্দেশ করে, সফল বিচার বিভাগীয় সংস্কারের জন্য প্রয়োজন বহুমাত্রিক অংশীদারিত্ব, যেখানে বিচারক, আইনজীবী, নীতি নির্ধারক ও নাগরিক সমাজ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। প্রধান বিচারপতি অন্তর্ভুক্তিমূলক সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে প্রক্রিয়াটিকে অংশগ্রহণমূলক করেছেন। ফলে বিচার বিভাগ এখন জনগণের আরও কাছাকাছি এসেছে। জনগণের প্রত্যাশা ও বিচারপ্রার্থীদের সঙ্গে কৌশলগত যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ আজ একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে। বিশ্ব দরবারে এটি বিরল উদাহরণ, যেখানে বিচার বিভাগ জাতীয় রূপান্তরের রূপক হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রধান বিচারপতির দূরদর্শী নেতৃত্ব ও সাহসী উদ্যোগের ফলে বাংলাদেশে জুলাই বিপ্লবের পর বিচার বিভাগ জনগণকেন্দ্রিক ও টেকসই রূপ নিতে পেরেছে। এটি শুধু প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করেনি, বরং জনগণের সঙ্গে বিচার বিভাগের নৈতিক ও সামাজিক সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। শেষ পর্যন্ত, প্রধান বিচারপতির উদ্যোগে বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারের রূপরেখা নিছক প্রশাসনিক পুনর্গঠন নয়। এটি জাতির ন্যায়বিচারের প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দৃষ্টান্ত। প্রমাণ করে, টেকসই উন্নতি আসে সংস্কারের সাহস ও নেতৃত্বের দূরদর্শিতা থেকে।

