জাতীয় সংসদ নির্বাচনে পলাতক আসামিদের প্রার্থিতা নিষিদ্ধ করার বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়া অধ্যাদেশ অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বৈঠকে দুটি আইন চূড়ান্তভাবে পাস হয়েছে—
- বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ
- গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ
এছাড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে—
- সুপ্রিম কোর্ট সচিবালয় আইন,
- দুর্নীতি দমন কমিশন আইন,
- এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন।
আরপিও-তে বড় পরিবর্তন
আসিফ নজরুল বলেন, “আরপিও সংশোধনের মাধ্যমে ইভিএম-সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বিচারাধীন মামলায় পলাতক ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না—এমন বিধানও যুক্ত করা হয়েছে।”
তিনি আরও জানান, জেলা পর্যায়ের নির্বাচন অফিসার নিয়োগের ক্ষমতা এখন জেলা নির্বাচন কর্মকর্তার হাতে থাকবে। প্রার্থীদেরকে দেশি-বিদেশি আয়, সম্পদ ও সম্পত্তির পূর্ণ বিবরণ নির্বাচন কমিশনে জমা দিতে হবে এবং তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যাতে সাধারণ জনগণ সহজে জানতে পারেন।
জামানত বাড়ছে, “না ভোট” ফের চালু
প্রার্থিতা জমা দিতে জামানতের পরিমাণ ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।
আইন উপদেষ্টা বলেন, “২০১৪ সালের সাজানো নির্বাচনের মতো পরিস্থিতি ঠেকাতে এবার ভোটারদের ‘না ভোট’ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। কোনো আসনে একক প্রার্থী থাকলে ভোটাররা যদি তাকে না চান, তাহলে ‘না ভোট’ দিতে পারবেন। সেই আসনে পুনরায় নির্বাচন হবে।”
নির্বাচনী জোট প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “জোট গঠন করা যাবে, তবে প্রার্থীকে নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে। এতে ভোটাররা স্পষ্টভাবে বুঝবেন, কাকে ও কোন দলকে ভোট দিচ্ছেন।”
পোস্টাল ব্যালটে ভোট ও গণমাধ্যমের উপস্থিতি
নতুন সংশোধনী অনুযায়ী, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিজাইডিং ও রিটার্নিং অফিসাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
এছাড়া প্রবাসী ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
ভোট গণনার সময় গণমাধ্যমের উপস্থিতির বিধানও খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভোট বাতিলের নতুন নিয়ম
আগে কোনো কেন্দ্রে অনিয়ম হলে শুধু সেই কেন্দ্রের ফলাফল বাতিল করা হতো। এখন থেকে নির্বাচন কমিশন মনে করলে পুরো নির্বাচনী এলাকার ভোটও বাতিল করতে পারবে, জানান আইন উপদেষ্টা।

