সারাদেশের অধস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। একইসঙ্গে আরও দুই শতাধিক বিচারককে অতিরিক্ত জেলা জজ পদে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রে জানা যায়, আলোচিত রেইনট্রি মামলায় আপিল বিভাগের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এক আসামিকে জামিন দেওয়ায় বিচারিক ক্ষমতা হারানো জেলা জজ কামরুন্নাহারকে পুনরায় ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে জিএ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০টিরও বেশি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। তবে সময় স্বল্পতার কারণে সুপ্রিম কোর্টের বার্ষিক ক্যালেন্ডার অনুমোদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি উপস্থিত ছিলেন।

