সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ ফুলকোর্ট সভা। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এই সভা ডেকেছেন। বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে ফুলকোর্ট সভা শুরু হবে।
আজ সোমবার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে সভার তারিখ ও সময় জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির আহ্বানে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি সভায় উপস্থিত থাকবেন এবং বিচার বিভাগের চলমান কর্মকাণ্ড নিয়ে আলোচনা হবে।
সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সূত্র জানায়, এই ফুলকোর্ট সভা বেশ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি এবং প্রশাসনিক পুনর্বিন্যাস নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিচারকদের কর্মপরিবেশ, বিচার কার্যক্রমের গতি ও আদালত ব্যবস্থাপনার উন্নয়ন নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র আরও জানায়, বিচারব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা, মামলার জট কমানো এবং ডিজিটাল কোর্ট ব্যবস্থার অগ্রগতি নিয়েও সভায় দিকনির্দেশনা দেওয়া হতে পারে। সাম্প্রতিক সময়ে বিচার বিভাগে যেসব কাঠামোগত ও প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, এসব বিষয়ও আলোচ্য তালিকায় থাকতে পারে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ফুলকোর্ট সভা বিচারপতিদের নিজস্ব ফোরাম। এখানেই বিচার বিভাগের নীতি–নির্ধারণী সিদ্ধান্ত, প্রশাসনিক নির্দেশনা এবং অভ্যন্তরীণ বিষয় নিয়ে মতবিনিময় হয়। বিচার বিভাগের অভিন্ন কার্যক্রম পরিচালনায় এই সভার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়।

