সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আরো ২০ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। গত বুধবার সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে অনুষ্ঠিত কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের কাছে দরখাস্ত আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে নির্ধারিত ফরম পূরণ করে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে সরাসরি অথবা রেজিস্ট্রি ডাকে দরখাস্ত জমা দিতে পারবেন।
সরকার চলতি বছর ২১ জানুয়ারি ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫’ জারি করে। অধ্যাদেশে সুপ্রিম কোর্টে স্থায়ী ও স্বতন্ত্র সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে বিচারক নিয়োগের বিধান রাখা হয়েছে।
অধ্যাদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে উপযুক্ত ব্যক্তিকে বাছাই করে প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে পরামর্শ দেবেন। অধ্যাদেশের ৩ ধারায় বলা আছে, ‘উপযুক্ত ব্যক্তি বাছাইপূর্বক সুপারিশের জন্য একটি স্থায়ী কাউন্সিল থাকবে, যা সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল নামে পরিচিত হবে।’ প্রধান বিচারপতি এই কাউন্সিলের চেয়ারপারসন হবেন।
অধ্যাদেশের ৭ (ক) ধারায় বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ সংক্রান্ত সুপারিশের জন্য গণবিজ্ঞপ্তির মাধ্যমে দরখাস্ত আহ্বান করা হবে। এই কাউন্সিল গঠনের পর গত ২৫ আগস্ট প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ করা হয়েছিল।

