রাজধানী ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় বাড়ি ভাড়া নির্ধারণে নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল দেন। আদালতের নির্দেশে স্থানীয় সরকার সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন।
রিটটি দায়ের করেছিলেন রাজধানীর আজিমপুরের বাসিন্দা ইমতিয়াজ উদ্দিন। তিনি হাইকোর্টে বাড়ি ভাড়া নির্ধারণে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছিলেন, ঢাকার কোন এলাকায় বাড়ি ভাড়া কত হবে, এবং বাড়ির সেবা অনুযায়ী ভাড়া তালিকা করে দেবে ডিএনসিসি।
ঢাকা উত্তরের প্রশাসক বলেন, “বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ সালে জারি হলেও অনেক নিয়ম মানা হচ্ছে না। আমরা আইন অনুযায়ী ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের জন্য নির্দেশিকা তৈরি করব। এটি ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে সম্পন্ন হবে।”

