সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী গঠিত ‘পদ সৃজন’ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মাননীয় বিচারপতি মো. আশফাকুল ইসলাম। কমিটির ৮ সদস্যের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছাড়া বাকি ৭ জন উপস্থিত ছিলেন। সভায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী পদ সৃষ্টি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সর্বসম্মতভাবে মোট ৪৭২টি নতুন পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে কর্মকর্তা পদ ১০৭টি এবং সহায়ক কর্মচারী পদ ৩৬৫টি। ১০৭টি কর্মকর্তা পদের মধ্যে জুডিশিয়াল সার্ভিসের প্রশাসনিক পদ ১০৫টি, মুখ্য হিসাবরক্ষণ কর্মকর্তা পদ ১টি এবং সিস্টেম এনালিস্ট পদ ১টি।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি, সচিবালয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল ও অধস্তন আদালতের সাংগঠনিক কাঠামো পরিবর্তন, কর্মকর্তা-কর্মচারীর পদ সৃষ্টি, বিলোপ বা বিন্যাসের জন্য ‘পদ সৃজন’ কমিটি গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫-এর ১৭ ধারা অনুযায়ী ১ ডিসেম্বর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামকে সভাপতি করে কমিটি গঠন করা হয়।
মোট ৮ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন: আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি মো. বজলুর রহমান, সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল।

