জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সেনা কর্মকর্তাসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ২০ জানুয়ারি এ মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এ মামলার চার আসামির মধ্যে দুজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। তাঁরা হলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত-বিন-আলম। আজ তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
অন্যদিকে পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান এখনও পলাতক রয়েছেন।
ট্রাইব্যুনাল আদেশে বলেন, এ মামলায় আসামিদের অব্যাহতি দেওয়ার কোনো আইনগত ভিত্তি নেই। ফলে আসামিপক্ষের করা অব্যাহতির আবেদন বাতিল করা হয় এবং আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।
অভিযোগ গঠনের পর আসামিদের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগ ট্রাইব্যুনালে পড়ে শোনানো হয়। এরপর উপস্থিত আসামিদের কাছে অভিযোগ স্বীকার করেন কি না জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত-বিন-আলম নিজেদের নির্দোষ দাবি করেন। তাঁরা ট্রাইব্যুনালের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

