শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্কের আশপাশে সিগারেট ও তামাকজাত দ্রব্য বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়েছে। এসব স্থাপনার সীমানা থেকে ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রেখে রাষ্ট্রপতি ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়। ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করে এ নতুন বিধান যুক্ত করা হয়েছে।
অধ্যাদেশে বলা হয়েছে, কোনো ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রি করতে পারবেন না কিংবা অন্য কাউকে দিয়ে বিক্রি করাতে পারবেন না।
এছাড়া সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রয়োজনে সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে এই নিষিদ্ধ এলাকার পরিসর আরও বাড়াতে পারবে বলেও অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।
নতুন বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে। একই অপরাধ পুনরায় ঘটলে দ্বিগুণ হারে শাস্তির বিধান রাখা হয়েছে।

