সুপ্রিম কোর্ট অধস্তন আদালতের বিচারকদের মধ্যে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বাড়াতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ সেশন অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে স্মারক নং–১৫৯২/২০২৫ এসসি (এডি) সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ (১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ) জারি করা হয়। স্মারকটিতে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও অনুসন্ধান কমিটির সদস্য এবং রেজিস্ট্রার মুহাঃ হাসানুজ্জামানের স্বাক্ষর রয়েছে।
স্মারকে বলা হয়েছে, সুপ্রিম কোর্টে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, অনুসন্ধান ও সুপারিশ প্রদান কমিটির ২৬ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত চতুর্থ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ঠিক হয়েছে, অধস্তন আদালতের বিচারকদের জন্য আইনগত নির্দেশনা ও দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার উদ্দেশ্যে প্রতিটি প্রশিক্ষণ ব্যাচের পাঠ্যসূচিতে একটি পৃথক সচেতনতামূলক সেশন অন্তর্ভুক্ত করা হবে।
এই সেশনে হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ৫৯১৬/২০০৮ মামলায় ১৪ মে ২০০৯ তারিখে প্রদত্ত ঐতিহাসিক রায়ের ওপর আলোকপাত করা হবে। সেশনের সময়কাল এক ঘণ্টা থেকে দেড় ঘণ্টা নির্ধারণ করার বিষয়টিও স্মারকে উল্লেখ করা হয়েছে।
স্মারকে আরও বলা হয়েছে, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের চলমান ও ভবিষ্যৎ সকল প্রশিক্ষণ কোর্সে এ সচেতনতামূলক সেশন বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করতে বিশেষভাবে অনুরোধ করা হলো। এই নির্দেশনা প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশিক্ষণ)-এর কাছে পাঠানো হয়েছে।

