বাংলাদেশ সুপ্রীম কোর্ট দেশের সকল জজশীপ ও ম্যাজিস্ট্রেসিকে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, অনুসন্ধান এবং সুপারিশ প্রদানকারী কমিটির বর্তমান অবস্থা জানাতে নির্দেশ দিয়েছে।
এ বিষয়ে আপিল বিভাগ গত সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) (১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ) স্মারক নং–১৫৯১/২০২৫ এসসি (এডি) জারি করেছে। স্মারকটি দেশের সকল জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে প্রেরণ করা হয়েছে। স্মারকে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও অনুসন্ধান কমিটির সদস্য ও রেজিস্ট্রার মুহাঃ হাসানুজ্জামানের স্বাক্ষর অন্তর্ভুক্ত রয়েছে।
স্মারকে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতির অনুমোদনক্রমে পূর্বে সুপ্রিম কোর্টের স্মারক নং–৭১৯/২০২২ এসসি (এডি), তারিখ ২০ মার্চ ২০২২ অনুযায়ী দেশের সকল অধস্তন আদালতে নির্দেশনা প্রদান করা হয়েছিল। ওই নির্দেশনার ভিত্তি ছিল হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ৫৯১৬/২০০৮ মামলায় ১৪ মে ২০০৯ তারিখে প্রদত্ত ঐতিহাসিক রায়।
রায়ের আলোকে প্রত্যেক জজশীপ ও ম্যাজিস্ট্রেসিতে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, প্রাপ্ত অভিযোগ অনুসন্ধান এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য পৃথক কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে স্মারকে উল্লেখ করা হয়েছে, এ পর্যন্ত নির্দেশনার বাস্তবায়ন কতদূর অগ্রসর হয়েছে, সে বিষয়ে সুপ্রীম কোর্টকে পূর্ণাঙ্গভাবে অবহিত করা হয়নি।
সংশ্লিষ্ট কমিটির চতুর্থ সভা ২৬ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিচারপতি ফারাহ মাহবুব। সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রত্যেক জজশীপ ও ম্যাজিস্ট্রেসিকে ১৫ কার্যদিবসের মধ্যে সুপ্রীম কোর্টকে জানাতে হবে—
-
কমিটি গঠন করা হয়েছে কি না
-
গঠন করা হয়ে থাকলে সদস্যদের নাম ও পদবি
-
কমিটির বর্তমান কার্যক্রমের বিস্তারিত বিবরণ

