নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে ৪ জানুয়ারি সংবর্ধনা দেওয়া হবে। আপিল বিভাগের এক নম্বর এজলাস কক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের অফিসের পক্ষ থেকে এ সংবর্ধনা আয়োজন করা হবে। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত থাকবেন।
এর আগে রোববার, ২৮ ডিসেম্বর, বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উপদেষ্টাবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য পদস্থ কর্মকর্তা। রাষ্ট্রপতি ২৩ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেছেন। পরে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম ডিগ্রিও নেন। ১৯৮৫ সালে জেলা আদালতে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে যোগ দেন।
২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হন এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০২৪ সালের ১৩ আগস্ট আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। প্রধান বিচারপতি হিসেবে তার দায়িত্ব পালন চলবে ২০২৮ সালের ১৭ মে পর্যন্ত।

