একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আত্মসমর্পণ করেন। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, মাওলানা আবুল কালাম আজাদের আত্মসমর্পণের আবেদন প্রসিকিউশন পেয়েছে।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত একাধিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আবুল কালাম আজাদের বিচার হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। ওই রায় ঘোষণা করেন তৎকালীন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান।
রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। নিজের সাজা স্থগিত চেয়ে গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি। এরপর বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন এই দণ্ডপ্রাপ্ত আসামি।

