সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বুধবার (২১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে তাঁকে এই দায়িত্বে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা ২০০৭-এর বিধি ৩(২)(ক) অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি ফারাহ মাহবুবকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বিচারপতি ফারাহ মাহবুব গত বছরের ২৪ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জনের পর ১৯৯২ সালে জেলা আদালতে আইন পেশা শুরু করেন। ১৯৯৪ সালের ১৫ অক্টোবর হাইকোর্ট বিভাগে এবং ২০০২ সালের ১৫ মে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৪ সালের ২৩ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন। ২০০৬ সালে তিনি হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। বিচারপতি ফারাহ মাহবুব সাবেক মন্ত্রী ও প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমানের কন্যা।
হাইকোর্টে বিচারপতি থাকাকালে তিনি একাধিক গুরুত্বপূর্ণ ও আলোচিত রায় প্রদান করেন। এর মধ্যে রয়েছে আজিমপুর কবরস্থান রক্ষার রায়, ধর্ষণের শিকার নারীদের দ্রুত মামলা গ্রহণে নীতিমালা নির্ধারণ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রথাগত অধিকার সুরক্ষা, অবহেলায় মৃত্যুর ঘটনায় শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ, প্রাথমিক বিদ্যালয়ের প্যানেল শিক্ষকদের চাকরি সরকারিকরণ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা বাধ্যতামূলক করা এবং পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত ঐতিহাসিক রায়। এসব রায়ের মাধ্যমে তিনি বিচারাঙ্গনে ব্যাপক সুনাম অর্জন করেন।

