১০ ট্রাভেল এজেন্সির পক্ষে এলহাম ট্রাভেল কর্পোরেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ জুমান চৌধুরী রিট আবেদন করেছেন। আজ রোববার (২৫ জানুয়ারি) তিনি এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন।
রিটে ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৬ এর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। রিটে বলা হয়েছে, এই অধ্যাদেশ “কালো অধ্যাদেশ” হিসেবে গণ্য করা যায়। এর একাধিক ধারা, উপধারা ও দফা আইনগত সীমা অতিক্রম করেছে এবং সংবিধান স্বীকৃত অধিকার লঙ্ঘন করেছে।
অধ্যাদেশে বলা হয়েছে, এক এজেন্সি অন্য এজেন্সি থেকে সরাসরি টিকিট ক্রয় বা বিক্রয় করতে পারবে না। এছাড়া, শুনানি ছাড়াই ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ স্থগিত করা, জেল ও জরিমানার বিধান বৃদ্ধি, ১০ লাখ টাকা জামানতের বিধান, এবং ট্রাভেল এজেন্সির ঠিকানায় রিক্রুটিং এজেন্সি থাকা নিষিদ্ধ করা হয়েছে। এসব ধারার স্থগিতাদেশ এবং গেজেট বাতিলের দাবি করা হয়েছে।
উল্লেখ্য, ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৬ গত ১ জানুয়ারি প্রকাশিত হয়। অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।

