বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে প্রধান বিচারপতির একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম। সুপ্রীম কোর্টের আপীল বিভাগের অফিস আদেশ অনুযায়ী তিনি ২৫ জানুয়ারি পূর্বাহ্ণে পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের রেজিস্ট্রারের অফিস আদেশে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আরিফুল ইসলামের যোগদানপত্র গ্রহণ করা হয়েছে। এর আগে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধান বিচারপতির সানুগ্রহ অভিপ্রায় মোতাবেক সংযুক্ত কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) আরিফুল ইসলামকে প্রধান বিচারপতির একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আরিফুল ইসলামের চাকরি প্রধান বিচারপতির অধীনে থাকবে। বাংলাদেশ সুপ্রীম কোর্ট নির্ধারিত তারিখে তাকে দায়িত্বভার গ্রহণ ও যোগদান সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে।
আরিফুল ইসলাম টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার কৃতি সন্তান। তিনি সখিপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুর রাজ্জাকের সন্তান। বিচারক আরিফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তণ শিক্ষার্থী। তিনি অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দীর্ঘদিন বিচার বিভাগে দায়িত্ব পালন করেছেন।

