বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় আবারও পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন। এ নিয়ে মোট ৯৩ বার সময় বাড়ানো হলো।
বুধবার ১৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ পরিস্থিতিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৯ এপ্রিল।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সংরক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেয়। ধারণা করা হয়, দেশের ভেতরে সক্রিয় একটি চক্রের সহযোগিতায় এই অর্থপাচার সম্পন্ন হয়।
ঘটনার পর ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের হিসাব ও বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। মামলাটি দায়ের করা হয় অর্থপাচার প্রতিরোধ আইনে।
এর একদিন পর ১৬ মার্চ আদালত মামলার তদন্তের দায়িত্ব সিআইডির ওপর ন্যস্ত করেন। সেই থেকে মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

