শিশুমৃত্যু ঠেকাতে সারা দেশে পরিত্যক্ত গভীর নলকূপের অরক্ষিত গর্ত দ্রুত ভরাটের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আদালত স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এবং ঢাকা ওয়াসাকে তিন মাসের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।
সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একটি রিট আবেদনের শুনানি শেষে এই নির্দেশনা আসে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনির উদ্দিন পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু মৃত্যুর কয়েকটি ঘটনা তুলে ধরে রিটটি দায়ের করেন। এসব ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
রিটে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুর এলাকায় একটি পরিত্যক্ত নলকূপে পড়ে জিহাদ নামে এক শিশুর মৃত্যু হয়।
এছাড়া ২০২৫ সালের ১০ ডিসেম্বর রাজশাহীর তানোর উপজেলায় একই ধরনের ঘটনায় সাজিদ নামে আরেক শিশুর মৃত্যু হয়।
সর্বশেষ ২০২৬ সালের জানুয়ারিতে চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে আরও এক শিশুর প্রাণহানির ঘটনা ঘটে।
এসব ঘটনায় দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত নলকূপের অরক্ষিত গর্ত শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে বলে রিটে উল্লেখ করা হয়।

