আইন মন্ত্রণালয় দপ্তরভিত্তিক শৃঙ্খলা জোরদার করেছে। অফিসে দেরিতে আসা, অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা বা কর্মস্থল ত্যাগের জন্য কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন ও বিচার বিভাগ থেকে জারি করা অফিস আদেশে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ উল্লেখ করে বলা হয়েছে, অনুমতি ব্যতীত অনুপস্থিতি, দেরিতে উপস্থিতি এবং অকাল প্রস্থান দণ্ডনীয় অপরাধ।
আদেশ অনুযায়ী, সকল কর্মকর্তা ও কর্মচারীকে প্রতিদিন সকাল ৯টার মধ্যে অফিসে অবশ্যই উপস্থিত থাকতে হবে। নির্ধারিত দাপ্তরিক সময় শেষ হওয়ার আগে কেউই অফিস ত্যাগ করতে পারবে না।
পবিত্র রমজান মাসে অফিস ত্যাগের সময় বিকেল সাড়ে ৩টার আগে নিষিদ্ধ। রমজান শেষের পর, বিকেল ৫টার আগে অফিস ত্যাগ করা যাবে না।
কোনো দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে অফিস ত্যাগের জন্য সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধান, যুগ্ম সচিব বা সলিসিটর থেকে পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক। প্রস্থানকালে অফিস ত্যাগ রেজিস্টারে নথিভুক্ত করতে হবে এবং ডিজিটাল হাজিরা নিশ্চিত করতে হবে।
অফিস আদেশে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এই নিয়ম লঙ্ঘন করলে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

