সরকার শিগগিরই সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিতে পারে। গতকাল সোমবার এই তথ্য নিশ্চিত করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের একাধিক সূত্র।
সূত্র জানায়, নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে তার নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন খুব শিগগিরই জারি হতে পারে। রাগীব রউফ চৌধুরী দীর্ঘদিন ধরে বাংলাদেশ সুপ্রীম কোর্ট-এর আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে আইন পেশায় নিয়োজিত। পেশাগত সততা, ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থান এবং পেশাদারিত্বের জন্য আইন অঙ্গনে তার সুনাম রয়েছে।
তার পিতা প্রয়াত আব্দুর রউফ চৌধুরী ছিলেন ভাষা আন্দোলনের সৈনিক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। পরিবারের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততা দীর্ঘদিন ধরে দেশজুড়ে পরিচিত।
শিক্ষাজীবনে রাগীব রউফ কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি এবং নটরডেম কলেজ, ঢাকা থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে অধ্যয়ন করে তিনি আইন বিষয়ে দুটি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি গ্রহণ করেন এবং লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন।
এর আগে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে নিয়োগ করেছিল। এ সংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার সকালে আইন মন্ত্রণালয় জারি করেছিল। আইন অঙ্গনে নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগ নিয়ে আলোচনা তুমুল। আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশের পরই বিষয়টি নিশ্চিত হবে।

