লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে জয় পেয়েছে বিএনপি। অন্যদিকে, নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থীরা আটটি পদে বিজয়ী হয়েছেন। জামায়াত সমর্থিত কোনো প্রার্থী জয়ী হতে পারেননি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এ কে এম হুমায়ুন কবির ফলাফল ঘোষণা করেন।
১৫টি পদের মধ্যে বিএনপি ৬টি, আওয়ামী লীগ ৮টি এবং একটি পদে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতদের মধ্যে সভাপতি হয়েছেন মনিরুল ইসলাম হাওলাদার (বিএনপি)। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবদুল মজিদ চৌধুরী (বিএনপি) ও আবুল খায়ের (আওয়ামী লীগ)। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মো. রফিক উল্যা (বিএনপি)। সহসম্পাদক ফখরুল ইসলাম জুয়েল (বিএনপি), চাঁদমনি মোহন (আওয়ামী লীগ), পাঠাগার সম্পাদক মোশারফ হোসাইন (বিএনপি), সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন (আওয়ামী লীগ) এবং অডিট সম্পাদক রাকিবুল হাসান অপু (আওয়ামী লীগ)।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন আজহার উদ্দিন রকি (আওয়ামী লীগ), নুরুল হুদা মুরাদ (স্বতন্ত্র), ইউসুফ (আওয়ামী লীগ), মো. ইউসুফ মানিক (আওয়ামী লীগ), আবদুল্লাহ আল নোমান (আওয়ামী লীগ) ও জাফর আহমেদ (বিএনপি)।
এর আগে, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্য সচিব নুরুল হুদা পাটওয়ারী ২৬ জানুয়ারি এক নোটিশে জানান, তাদের আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬-২৭ সালের নির্বাচনে কোনো পদে অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্যান্য পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা নির্বাচনে অংশ নেন।
এ বিষয়ে নুরুল হুদা পাটওয়ারীর বক্তব্য জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ সমর্থিত এক সাবেক সভাপতি বলেন, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত ছিল। তবে অন্যান্য পদে অংশ নিয়ে আটজন প্রার্থী বিজয়ী হয়েছেন।

