পরিবেশদূষণের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর নাম জনসমক্ষে প্রকাশ না করার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ব্যবস্থা নিলে সেই তথ্য জনগণের স্বার্থে গণমাধ্যমে প্রকাশ করতে হবে। আজ বুধবার (৪ মার্চ) বিচারপতি ফরিদ আহমেদ এবং বিচারপতি মোহাম্মদ তাজরুল হোসেন–এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালে পরিবেশ অধিদপ্তর একটি সিদ্ধান্ত নেয়—যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দূষণের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে, তাদের নাম গণমাধ্যমে প্রকাশ করা হবে না। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেছিলেন। চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ সেই সিদ্ধান্ত বাতিল ঘোষণা করেন।
রিট আবেদনকারী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ–এর সভাপতি মনজিল মোরসেদ বলেন, আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, দূষণকারীদের নাম প্রকাশ না করার সিদ্ধান্ত বেআইনি। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে তা জনগণের জানার স্বার্থে প্রকাশ করতে হবে।
পরিবেশ অধিদপ্তরের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ।
রায়ের মাধ্যমে পরিবেশ সংক্রান্ত তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আদালত গুরুত্ব দিয়েছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষজ্ঞদের মতে, এ সিদ্ধান্ত পরিবেশ সুরক্ষায় জবাবদিহিতা বাড়াতে ভূমিকা রাখবে।

