ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের আইনগত ভিত্তি চ্যালেঞ্জ করেই এই আবেদন করা হয়।
আজ বুধবার (৪ মার্চ) সুপ্রিম কোর্টের ৬জন আইনজীবী যৌথভাবে রিটটি দায়ের করেন। তাঁদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ এবং খালিদ সাইফুল্লাহ।
রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি সরকার ঢাকা উত্তর ও দক্ষিণসহ মোট ছয়টি সিটি করপোরেশনে ৬জন প্রশাসক নিয়োগ দেয়। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
রিট আবেদনের মাধ্যমে এসব নিয়োগের আইনি ভিত্তি এবং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এখন এ বিষয়ে হাইকোর্ট কী নির্দেশনা দেন, সেদিকে নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।

