ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ভুয়া সরকারি গেজেট তৈরি করে নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সরকারি সিল ও নথি জাল করে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে সিটিটিসি ও জেলা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। পরে ডিবির একটি দল তাকে ঢাকায় নিয়ে আসে।
ডিএমপি মিডিয়া সেন্টারে আজ রবিবার (২২ মার্চ) আয়োজিত এক ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত কমিশনার জানান, গ্রেপ্তার ব্যক্তির নাম আরিফ মহিউদ্দিন। তিনি কখনও ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে পরিচয় দিতেন। এর মধ্যে ড. আরিফ মহিউদ্দিন, মহিউদ্দিন চৌধুরীসহ বিভিন্ন পরিচয়ও ছিল। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উপদেষ্টা হিসেবে দাবি করতেন এবং একটি জাল গেজেট তৈরি করে সেখানে নিজের নাম যুক্ত করেন। ওই নথিতে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে তা বিভিন্ন দপ্তরে পাঠানো হতো।
তদন্তে আরও জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি “গুম কল্যাণ ট্রাস্ট” নামে একটি সংগঠনের ভুয়া সিল ও মনোগ্রাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চিঠি পাঠাতেন এবং আর্থিক সহযোগিতা চাইতেন। তিনি নিজেকে কখনও প্রতিমন্ত্রী পরিচয় দিয়েও বিভিন্ন সংস্থায় যোগাযোগ করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কাছে এক হাজার কোটি টাকার ঋণ চেয়ে আবেদন করার তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি। দুদকসহ বিভিন্ন সরকারি দপ্তরে ভুয়া পরিচয়ে চিঠি দেওয়ার প্রমাণও পেয়েছে পুলিশ।
ডিবি কর্মকর্তারা জানান, তার মোবাইল ফোন ও নথিপত্র যাচাই করে ব্যাপক প্রতারণার তথ্য পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ আরও জানিয়েছে, এর আগেও তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা ছিল এবং তিনি একবার গ্রেপ্তারও হয়েছিলেন। পাশাপাশি সাইবার অপরাধের একটি মামলায় তার সাজা রয়েছে বলেও তথ্য পাওয়া গেছে, যা বর্তমানে যাচাই করা হচ্ছে।

