রাজধানীর উত্তরায় একটি বাসাবাড়িতে গড়ে তোলা হয়েছিল ‘কেটামিন’ তৈরির গোপন ল্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই ল্যাব ধ্বংস করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তিনজন বিদেশি নাগরিককে আটক করা হয়।
আজ বুধবার (২৫ মার্চ) রাতের দিকে উত্তরার ১০ নম্বর সেক্টরের লায়লা গার্ডেন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান। তিনি জানান, সন্দেহজনক কার্যক্রমের খোঁজ পেয়ে দ্রুত ওই বাড়িতে অভিযান চালানো হয়। ভেতরে মাদক তৈরির জন্য পূর্ণাঙ্গ ল্যাব স্থাপন করা হয়েছিল। অভিযান শেষে ল্যাবটি ভেঙে ফেলা হয় এবং বিপুল পরিমাণ কেটামিন জব্দ করা হয়।
উদ্ধার করা মাদক পরীক্ষা ও সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আটক তিন বিদেশির পরিচয় ও তারা কোন দেশের নাগরিক—এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

