রাজধানীর মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় দু’জনকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ শুক্রবার র্যাবের পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, আটক দুই ব্যক্তি সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন এবং তারা ‘শুটার’ হিসেবে কাজ করেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বেলা ১১টায় র্যাব-৪-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
গত বছরের নভেম্বরে মিরপুর-১২ নম্বরের বি ব্লকে একটি হার্ডওয়্যারের দোকানে ঢুকে খুব কাছ থেকে গুলি করে গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়। হামলাকারীরা তখন মুখোশ পরে ছিল বলে জানা যায়।
নিহত কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্যসচিব ছিলেন। ঘটনার পর তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এলাকায় আধিপত্য বিস্তার এবং আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হয়, ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী এখন ঘটনার নেপথ্যে থাকা মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।

