শেরপুর শহরের একটি আবাসিক ভবনে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে সংরক্ষণ করে ব্যবসা পরিচালনার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ওই ভবনে তেল বিক্রি বন্ধ এবং মজুত তেল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে শহরের গোয়ালপট্টি এলাকায় ‘মেসার্স শিমলা ট্রেডার্স’-এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান।
অভিযানকালে আবাসিক ভবনের নিচতলায় স্থাপিত একটি বড় ট্যাংকে প্রায় ১৮ হাজার লিটার ডিজেল পাওয়া যায়। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি খুচরা বিক্রির লাইসেন্স থাকলেও নিয়ম না মেনে বড় পরিসরে তেল মজুত ও বিক্রি করে আসছিল। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় অনুমোদনও তাদের কাছে ছিল না।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে আগামী ২৭ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে সব জ্বালানি তেল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। আবাসিক এলাকায় ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চালানো যাবে না বলেও জানিয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী কমিশনার সেলিম রেজা এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয়েছে এবং কাগজপত্র যাচাই শেষে প্রয়োজন হলে আরও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্ত ব্যবসায়ীরা এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

