ব্যক্তি করদাতারা ৩১ মার্চের আগে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার তাদের আয়কর রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় বাড়াতে পারবেন। এর ফলে করদাতারা আরও তিন মাস সময় পাবেন। বিষয়টি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২০২৬ করবর্ষের জন্য কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি-শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। ইতোমধ্যে প্রায় ৫০ লাখ ব্যক্তি-শ্রেণির করদাতা এনবিআরের ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন এবং ৪১ লাখের বেশি করদাতা তাদের রিটার্ন দাখিল করেছেন।
এ বছর রিটার্ন দাখিলের সাধারণ সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে ৩১ মার্চের আগে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার অনলাইনে আবেদন অনুমোদন বা নামঞ্জুর করতে পারবেন। আবেদন মঞ্জুর হলে করদাতা বর্ধিত সময়ের মধ্যে কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।
এছাড়াও, রিটার্ন দাখিলের সময় বাড়ানোর পুরো প্রক্রিয়াটি সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে অনলাইন সিস্টেম চালু করা হয়েছে। এখন করদাতারা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে সহজেই সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। যারা অনলাইনে রিটার্ন দাখিলের জন্য বাধ্য নয়, তারা অনলাইনে অথবা সরাসরি আবেদন করতে পারবেন।

