ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় এলপিজি আমদানিতে ঋণসীমা শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে করে সংকটকালীন সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যাংকগুলোকে বাড়তি ঋণ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানিয়ে সব ব্যাংকের কাছে নির্দেশনা পাঠানো হয়। এতে বলা হয়, কোনো ব্যাংকের একক গ্রাহকের ঋণসীমা যদি ২৫ শতাংশ অতিক্রম করে, তাহলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়ে সেই সীমার বাইরে ঋণ দেওয়া যাবে।
তবে এই সুবিধা স্বয়ংক্রিয় নয়। একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্য কতটুকু ঋণ অনুমোদন পাবে, তা নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক নিজেই। মূল লক্ষ্য হলো এলপিজি আমদানিতে কোনো ধরনের বাধা বা বিলম্ব না ঘটে।
কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই শিথিলতা শুধু এলপিজি আমদানিকারকদের জন্য প্রযোজ্য। অন্য কোনো পণ্য আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ ঋণসীমা অতিক্রমের সুযোগ দেওয়া হবে না।
সংশ্লিষ্টরা মনে করছেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

