বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে মামলা দায়েরের আগে মধ্যস্থতার তথ্য বছরে দুইবার জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। ৩০ জুন ও ৩১ ডিসেম্বরের ভিত্তিতে এই তথ্য স্বতন্ত্রভাবে ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’-এ জমা দিতে হবে। তথ্য হার্ডকপি কিংবা সফটকপিতে জমা দেওয়া যাবে।
গতকাল সোমবার (১১ আগস্ট) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, আগে খেলাপি ঋণ আদায়ের তথ্য অর্থঋণ ও অন্যান্য আদালতে ব্যাংক কর্তৃক দাখিল করার নিয়ম থাকলেও এখন থেকে একই তথ্য বছরে দুইবার আলাদা ভাবে ব্যাংকিং বিভাগেও পাঠাতে হবে। আগে বিভিন্ন সময়ে একই ধরনের তথ্য একাধিকবার সংগ্রহ করতে হতো, যা সময় ও শ্রমের অপচয় ছিল। এই জটিলতা দূর করতে নতুন নীতিমালা তৈরি করা হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, অর্থঋণ ও অন্যান্য আদালতে দায়েরকৃত ও নিষ্পত্তিকৃত মামলার তথ্য এবং ঋণ/বিনিয়োগ অবলোপনের হার্ডকপি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে জমা দিতে হবে না। আরো বলা হয়েছে, আমদানি-পরবর্তী অর্থায়নের তথ্যের হার্ডকপি শুধু ‘ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন’-এ জমা দিলে হবে, পূর্বের মতো এই বিভাগে জমা দেওয়া বাধ্যতামূলক নয়।

