বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য হয়েছেন নাহিয়ান রহমান রচি। আগামী এক বছরের জন্য বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান রচিকে সংস্থার নির্বাহী সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
গতকাল রোববার (৩১ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম এই নিয়োগ সংক্রান্ত নির্দেশনা জারি করেন। নির্দেশনায় বলা হয়েছে, বিডা আইন ২০১৬ এর ধারা ৯ (১) ও ৯ (৪) অনুযায়ী নাহিয়ান রহমান রচিকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে ১ বছর মেয়াদে নির্বাহী সদস্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সরকার জানায়, জনস্বার্থে এই নিয়োগ দেওয়া হয়েছে।
এর ফলে নাহিয়ান রহমান রচি ১ সেপ্টেম্বর থেকে আগামী বছরের ৩১ আগস্ট পর্যন্ত হেড অব বিজনেসের পাশাপাশি নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে গত বছরের ৩০ অক্টোবর তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদায় বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন। পেশাজীবন শুরু করেছিলেন দক্ষিণ কোরিয়ার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো রথম্যানসে ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে। এছাড়া সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও বাংলাদেশে বিভিন্ন শীর্ষ পদে দক্ষতার ছাপ রেখেছেন।
নাহিয়ান রহমান রচি মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তাঁর পেশাগত দক্ষতা সিআইএমএ এবং সিপিএ সার্টিফিকেশন দ্বারা সমৃদ্ধ।

