জাতীয় ভ্যাট দিবস (১০ ডিসেম্বর) উপলক্ষ্যে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ উদযাপন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামীকাল থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিশেষ নিবন্ধন ক্যাম্পেইন পরিচালিত হবে। এই ক্যাম্পেইনের লক্ষ্য নতুন ১ লাখ বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিন) দেওয়া।
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের তথ্য জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। চেয়ারম্যান বলেন, নিবন্ধনকে গুরুত্ব দিয়ে এ বছরের ভ্যাট দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সময়মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ থেকে ৩১ ডিসেম্বর দেশব্যাপী বিশেষ নিবন্ধন ক্যাম্পেইন চলবে। বর্তমানে দেশের নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার। ক্যাম্পেইনের মাধ্যমে এই সংখ্যা আরও ১ লাখ বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গত অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের মোট আদায়ের ৩৮ শতাংশই ভ্যাট থেকে এসেছে। চলতি অর্থবছরের প্রথম মাসে গত বছরের একই সময়ের তুলনায় ভ্যাট আদায় ২২ শতাংশ বেড়েছে। চেয়ারম্যান বলেন, ভ্যাট আদায় ব্যবস্থাপনা জোরদার করে দেশের অর্থনীতি মজবুত করা সম্ভব। করদাতাদের স্বেচ্ছায় কর প্রদান নিশ্চিত করা এবং কর ফাঁকি কমানোই এনবিআরের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি দেশের সব স্তরের ভোক্তা, ব্যবসায়ী ও শিল্প মালিকদের সহযোগিতা প্রয়োজন।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব জানান, করদাতারা কর দিলে তা শতভাগ সরকারি কোষাগারে জমা হয়। বর্তমানে অনলাইন ব্যবস্থা থাকায় কর দেওয়া সহজ ও ঝামেলামুক্ত। গত অর্থবছরে ১৭ লাখ ই-রিটার্ন জমা পড়েছে। চলতি অর্থবছরে তা ৪০ লাখে উন্নীত হওয়ার আশাবাদ প্রকাশ করা হয়েছে। আজ পর্যন্ত ২২ লাখ ই-রিটার্ন জমা পড়েছে।
চলতি ২০২৫–২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৫৫ হাজার কোটি টাকা বৃদ্ধি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আয় না বাড়ালে রাষ্ট্র ঝুঁকিতে পড়বে। তবে কোনো অবস্থাতেই করদাতাদের ওপর জুলুম করা হবে না। যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, তাদের থেকে কর আদায় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এনবিআর চেয়ারম্যান আরও উল্লেখ করেন, যে জাতি দেশের জন্য যুদ্ধ করে, সে জাতি দেশের স্বার্থে ট্যাক্স ফাঁকি দিতে পারে না। রাষ্ট্রের স্বার্থ সবার ওপরে। তাই দেশের স্বার্থেই ভ্যাট দিতে হবে। সংবাদ সম্মেলনে এনবিআর সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) মো. আজিজুর রহমান এবং ভ্যাট সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

