আগামী অর্থবছর থেকে ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানটি অনলাইনে ভ্যাট রিফান্ড চালুর জন্য আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে ঢাকাস্থ তিনটি ভ্যাট কমিশনারেটের তিনজন করদাতার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৪৫ লাখ ৩৫ হাজার টাকা ভ্যাট ফেরত প্রদান করে নতুন অনলাইন রিফান্ড প্রক্রিয়া উদ্বোধন করা হয়।
এনবিআর চেয়ারম্যান জানান, আয়কর আইনে টেক্স রিটার্ন অনলাইনে দাখিলের বাধ্যবাধকতা থাকলেও ভ্যাট আইনে এখনও এটি বাধ্যতামূলক হয়নি। আগামী বাজেটে ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হবে।
তিনি আরও বলেন, এনবিআর ইতোমধ্যে অনলাইনে ভ্যাট রিটার্ন জমার উদ্যোগ নিয়েছে। যারা আগে কাগজে ভ্যাট রিটার্ন দাখিল করেছেন, তাদের আগামী মার্চের মধ্যে সেই রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রি করতে হবে। মার্চের পরও তারা অনলাইনে ভ্যাট নিবন্ধন দিতে পারবেন। এনবিআর সব ধরনের সেবা ডিজিটাল করার কাজ করছে।
নতুন অনলাইন রিফান্ড মডিউল বাস্তবায়িত হলে করদাতারা রিফান্ড আবেদন সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত পেতে পারবেন। এখন থেকে রিফান্ডের জন্য ভ্যাট কার্যালয়ে যাওয়া প্রয়োজন হবে না। প্রয়োজন হলে করদাতাদের সংশ্লিষ্ট মুসক কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে এনবিআর।
অনলাইন রিফান্ড সিস্টেমে করদাতা মাসিক মুসক রিটার্নের মাধ্যমে প্রাপ্য অর্থের জন্য আবেদন করবেন। সংশ্লিষ্ট মুসক কমিশনারেট আবেদন প্রক্রিয়া শেষে প্রাপ্য অর্থ স্বয়ংক্রিয়ভাবে করদাতার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।

