বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহর সম্প্রসারণের জন্য চীনের সঙ্গে প্রায় ২ হাজার ৪৮৬ কোটি টাকার (১.৬৭ বিলিয়ন আরএমবি) চুক্তি স্বাক্ষর করা হয়েছে। গতকাল রোববার রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এই চুক্তি সম্পন্ন হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘প্রকিউরমেন্ট অব নিউ ফোর ভ্যাসেলস’ প্রকল্পের আওতায় চীনের এই ঋণ বাংলাদেশকে সরাসরি দেওয়া হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে সই করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, আর চীনের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
চুক্তি অনুযায়ী, নতুন চারটি জাহাজের মধ্যে দুটি হবে অপরিশোধিত তেল পরিবহনের ক্রুড অয়েল মাদার ট্যাঙ্কার, এবং বাকি দুটি হবে খাদ্যশস্য ও অন্যান্য পণ্য পরিবহনের মাদার বাল্ক ক্যারিয়ার। ঋণের সুদের হার মাত্র ২ শতাংশ ধরা হয়েছে এবং বাংলাদেশ পাঁচ বছরের রেয়াতকাল সুবিধা পাবে।
ইআরডির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চারটি জাহাজ যুক্ত হলে বিএসসির বহর পণ্য পরিবহনের সক্ষমতাকে বহুগুণ বৃদ্ধি করবে। বিশেষভাবে ক্রুড অয়েল ট্যাঙ্কার দুটি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া এটি বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রেও সহায়ক হবে।
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ১৯৭২ সালে যাত্রা শুরু করে। সরকারি পতাকাবাহী এই প্রতিষ্ঠান বর্তমানে আটটি জাহাজের মিশ্র বহর পরিচালনা করছে এবং সমুদ্রপথে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের পতাকা বহন করছে।

