দেশের শতভাগ বৈদেশিক মুদ্রা অর্জনকারী কাঁচাপাট রপ্তানিকারকদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার এই খাতের ব্যবসায়ীরা খেলাপি ঋণ পুনঃতফসিলের আবেদন করার জন্য আরও সময় পাবেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রপ্তানিকারকরা আগামী ৩০ জুন পর্যন্ত এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ (বিআরপিডি) বিষয়টি নিয়ে একটি সার্কুলার জারি করে সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, কাঁচাপাট রপ্তানিকারকদের ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ অনুযায়ী বিদ্যমান ঋণের ২ শতাংশ ডাউন পেমেন্ট বা এককালীন অর্থ জমা দিয়ে আবেদন করার সময়সীমা ছিল পূর্বে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। তবে রপ্তানি খাতে বিভিন্ন জটিলতার কারণে অনেক উদ্যোক্তা নির্ধারিত সময়ে আবেদন করতে পারেননি। এই সমস্যাগুলো বিবেচনা করে সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
গ্রাহকরা তাদের খেলাপি ঋণের ২ শতাংশ অর্থ জমা দিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে পুনঃতফসিলের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে।
এই উদ্যোগের ফলে কাঁচাপাট রপ্তানিকারকেরা ঋণ নিয়মিত করার সুযোগ পাবেন। বিশ্লেষকরা মনে করছেন, এতে দেশের রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হবে এবং খাতের সংকট মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখবে।

