চীনের হংকংভিত্তিক প্রতিষ্ঠান তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেড বাংলাদেশে একটি তৈরি পোশাক উৎপাদন কারখানা স্থাপনের জন্য উত্তরা ইপিজেডে লিজ চুক্তি স্বাক্ষর করেছে। প্রতিষ্ঠানটি এই প্রকল্পে ১৯.৫৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং ৩,২৫৪ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকার বেপজা কমপ্লেক্সে চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার পক্ষে স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) তানভীর হোসেন, এবং বিনিয়োগকারী কোম্পানির পক্ষে স্বাক্ষর করেন মনোনীত পরিচালক জি ঝেনিউ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
চীনা প্রতিষ্ঠানটি বার্ষিক ৭০ লাখ পিস ওভেন ও নিট গার্মেন্টস উৎপাদন করবে। এতে থাকবে বটম, টপ, শার্ট, জিন্স, জ্যাকেট, টি-শার্ট, পোলো শার্ট, স্পোর্টসওয়্যার, সোয়েটার, হুডি ও জার্সি। কারখানাটি ২৪,০০০ বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত হবে এবং উৎপাদিত পণ্য রপ্তানি করা হবে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, চীন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, যুক্তরাজ্য ও ইউরোপের বাজারে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে বলেন, নতুন সরকার বিনিয়োগ বৃদ্ধিতে এবং বিনিয়োগকারীদের সহায়তায় বিশেষভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, “আগের তুলনায় আরও দক্ষ, আধুনিক ও বিনিয়োগবান্ধব সেবা প্রদানে বেপজা দৃঢ়প্রতিজ্ঞ। দেশের রপ্তানিমুখী শিল্প ও স্থানীয় শিল্পখাতকে শক্তিশালী করতে প্রতিষ্ঠানটিকে সম্ভব হলে মানসম্মত কাঁচামাল দেশীয় উৎস থেকে সংগ্রহ করার আহ্বান জানাই।”
জি ঝেনিউ বেপজার বিনিয়োগ-বান্ধব নীতির প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং বলেন, “বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। কারখানার নির্মাণ কাজ চলতি বছরের এপ্রিল থেকে শুরু হবে এবং আগামী বছর থেকে পণ্য রপ্তানি কার্যক্রম শুরু হবে।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং তিয়ানফোর্ড কোম্পানির প্রতিনিধিরা।

