অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোবাইল ফোনের পরিবর্তে প্রবাসীদের নিজস্ব ই-মেইলে ওটিপি প্রেরণের মাধ্যমে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
বিদেশে থাকা করদাতারা তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ই-মেইল ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্য ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় পাঠালে এনবিআর তাদের ই-মেইলে OTP এবং রেজিস্ট্রেশন লিংক পাঠাচ্ছে। এর ফলে তারা সহজেই ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন।
সূত্র বলছে, ২০২৫-২৬ করবর্ষে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
গত বছরের ৪ আগস্ট www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ২০২৫-২৬ করবর্ষের ই-রিটার্ন কার্যক্রম উদ্বোধন করা হয়। এনবিআর বলছে, প্রবাসীসহ সব শ্রেণির করদাতার এই আগ্রহ দেশের কর ব্যবস্থায় ডিজিটাল সেবা কার্যক্রমকে আরও গতিশীল করছে।
ব্যক্তি-শ্রেণির সব করদাতাকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য অনুরোধ করা হয়েছে।

