আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট তৈরির জন্য আয়করসহ অন্যান্য প্রত্যক্ষ করকে আরও যুগোপযোগী ও অংশীদারত্বমূলক করতে ব্যবসায়ী সংগঠনগুলোর মতামত চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর ব্যবসায়ী সমিতি ও চেম্বারগুলোকে ১৫ মার্চের মধ্যে তাদের সুপারিশ ও প্রস্তাব জমা দিতে বলেছে। প্রস্তাবগুলো হার্ড কপিতে এনবিআরের করনীতি শাখার কাছে পাঠাতে হবে। এছাড়া সরাসরি ই-মেইল (taxpolicynbr@gmail.com) পাঠানোর সুযোগও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।
এনবিআরের চিঠিতে ব্যবসায়ীদের মোট চারটি বিষয়ে মতামত চাওয়ার কথা বলা হয়েছে। এগুলো হলো ২০২৩ সালের আয়কর আইন, ২০২৪ সালের উৎসে কর বিধিমালা ও অন্যান্য বিধিমালা, ২০০৩ সালের ভ্রমণ কর আইন এবং ১৯৯০ সালের দান কর আইন।
চিঠিতে বলা হয়েছে, ব্যবসায়ীরা তাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে এই আইন ও বিধিমালার ওপর সুচিন্তিত মতামত, প্রস্তাব ও সুপারিশ দিতে পারবেন। ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।

