বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলারে। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
তিনি বলেন, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলারে রয়েছে।
রিজার্ভ বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রাখছে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা। পাশাপাশি ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়ায় ডলারের প্রবাহও শক্তিশালী হয়েছে।
পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের জানুয়ারিতে দেশে এসেছে ৩১৭ কোটি ডলারের প্রবাসী আয়। এটি এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ। ২০২৫ সালের একই সময়ের তুলনায় এই আয় বেড়েছে ৪৫ দশমিক ৪১ শতাংশ। গত বছরের জানুয়ারিতে প্রবাসী আয় ছিল ২১৮ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রেমিট্যান্স বাড়ায় ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ আগের তুলনায় বেড়েছে। ফলে বাজারে ডলারের দর হঠাৎ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এ পরিস্থিতি সামাল দিতে নিলামের মাধ্যমে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক।
তিনি বলেন, “বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ বাড়াচ্ছে। এতে ডলারের দর স্থিতিশীল থাকছে। একই সঙ্গে বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ।”

