রাজধানীতে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মতো প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা মূল্যের দুটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থাপনা থাকা সত্ত্বেও বছরের পর বছর লোকসান গুনছে রাষ্ট্র মালিকানাধীন তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড। ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকেও লোকসান থেকে বের হতে পারেনি প্রতিষ্ঠানটি।
চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে তিন টাকা ৯৫ পয়সা। আগের বছরের একই সময়ে এ লোকসান ছিল পাঁচ টাকা ২০ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রকাশিত অর্ধবার্ষিক আর্থিক তথ্যে শেয়ারপ্রতি লোকসান ও সম্পদমূল্যের তথ্য জানানো হলেও গতরাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোম্পানিটির পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
তবে আগের বছরের বার্ষিক প্রতিবেদন থেকে জানা যায়, গত ৩০ জুন ২০২৫ সমাপ্ত হিসাব বছর শেষে কোম্পানিটির মোট সম্পদমূল্য ছিল তিন হাজার ৪৫০ কোটি টাকা। যা তার আগের বছরের তুলনায় ৫০ কোটি টাকা কম।
গত হিসাব বছরে কোম্পানিটি মোট ১৫৩ কোটি টাকা আয় করলেও পরিচালন পর্যায়ে ২৬ কোটি টাকার লোকসান হয়েছে। এর সঙ্গে সুদ বাবদ সাড়ে ৮২ কোটি টাকা ব্যয় যোগ হয়। অন্যদিকে কিছু অতিরিক্ত আয় যুক্ত হলেও সব মিলিয়ে মোট লোকসান দাঁড়ায় ৮৭ কোটি টাকা। এতে শেয়ারপ্রতি লোকসান হয়েছে আট টাকা ৯৪ পয়সা।
একই সময়ে হোটেল রুম ভাড়া থেকে কোম্পানিটির আয় হয় ৩৭ কোটি ৭৮ লাখ টাকা। খাবার ও পানীয় বিক্রি করে আয় করে ১০৪ কোটি ৩৭ লাখ টাকা। পাশাপাশি অফিস স্পেস ভাড়া থেকে আরও ১১ কোটি টাকা আয় আসে।

