তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম কমানো হয়েছে। ভোক্তা পর্যায়ে ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৪১ টাকা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানিয়েছে, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকেই এ নতুন দাম কার্যকর হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম আগের ১ হাজার ৩৫৬ টাকা থেকে ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে চলতি মাসের ২ ফেব্রুয়ারি সর্বশেষ এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ৩৫৬ টাকা।
ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম সহনীয় রাখতে এবং জ্বালানি বাজারের অস্থিরতা কমাতে উদ্যোগ নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৭ দশমিক ৫ শতাংশ মূল্য সংযোজন কর এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর পুরোপুরি প্রত্যাহার করে। একই সঙ্গে আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপ করা হয়। এসব সিদ্ধান্তের ধারাবাহিকতায় এলপিজির দাম কমানো হলো।
এদিকে, একই দিনে অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি জারি করা আরেক বিজ্ঞপ্তিতে অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে ২৮ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূল্য সংযোজন করসহ দাম প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে ৬১ টাকা ৮৬ পয়সা।
এর আগে ২ ফেব্রুয়ারি অটোগ্যাসের দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। তখন ভোক্তা পর্যায়ে ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য সংযোজন করসহ দাম নির্ধারণ করা হয় ৬২ টাকা ১৪ পয়সা।

