সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনুসরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন সরকারের অনেক কর্মসূচি এবং অগ্রাধিকার বাস্তবায়নের অংশ হিসেবে এই পরিবর্তন করা হয়েছে।
অর্থমন্ত্রী আরো বলেন, “শুধু বাংলাদেশ ব্যাংকেই নয়, বিভিন্ন স্থানে পরিবর্তন চলছে এবং প্রয়োজনে আরো পরিবর্তন করা হবে।”
এর আগে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে বলা হয়, ‘অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১৩ আগস্ট, ২০২৪ তারিখের ৫৩.০০.০০০০.৩১১.১১.০১৬.১৭-৬০ সংখ্যক প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগকৃত ড. আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।’
একই সঙ্গে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। তিনি দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগের অন্যান্য বিষয়াদি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

