২০২৫-২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে করযোগ্য সীমার নিচে আয় দেখিয়ে ‘জিরো রিটার্ন’ দিয়েছেন ২২ লাখ ৮২৭ জন করদাতা।
জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করেছেন। গতকাল বুধবার (৪ মার্চ) সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেন।
দাখিল করা ই-রিটার্নের মধ্যে ২৮ লাখ ৬৬ হাজার ৬১৮ জন পুরুষ এবং ১১ লাখ ৩৬ হাজার ৩ জন নারী করদাতা। বেতন খাতে আয় দেখিয়েছেন ১৬ লাখ ১০ হাজার ৭৫০ জন পুরুষ ও ৪ লাখ ৭৮ হাজার ৫৬৬ জন নারী। বাড়ি ভাড়া থেকে আয় দেখিয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৭৫৪ জন পুরুষ এবং ৮৪ হাজার ৪৭৭ জন নারী। করযোগ্য সীমার নিচে আয় দেখানো করদাতাদের মধ্যে পুরুষ ১৪ লাখ ৩৫ হাজার ৬৩০ জন এবং নারী ৭ লাখ ৬৫ হাজার ১৯৭ জন।
৫ লাখ টাকার বেশি কিন্তু ১০ লাখ টাকার কম আয় দেখিয়েছেন ৫ লাখ ৩৪ হাজার ৯৫৪ জন পুরুষ এবং ১ লাখ ৯৩ হাজার ৮৩৭ জন নারী। ১০ লাখের বেশি কিন্তু ২০ লাখের কম আয় দেখিয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৯৮৩ জন পুরুষ ও ৪৭ হাজার ৫৩২ জন নারী।
২০ লাখের বেশি কিন্তু ৪০ লাখের কম আয় দেখিয়েছেন ৫৪ হাজার ২১২ জন পুরুষ এবং ১১ হাজার ৪৫৫ জন নারী। ৪০ লাখ টাকার বেশি আয় দেখিয়েছেন ২৯ হাজার ৮০ জন পুরুষ এবং ৫ হাজার ১১৭ জন নারী করদাতা। সম্পদের পরিমাণ সারচার্জ আরোপযোগ্য হওয়ায় ৩৯ হাজার ৩৬৩ জন পুরুষ ও ১১ হাজার ৬৫ জন নারী সারচার্জ পরিশোধ করেছেন।
এনবিআর সূত্র জানায়, আগস্ট ২০২৫-এ রিটার্ন দেন ২ লাখ ৫১ হাজার ৭৮৪ জন। সেপ্টেম্বরে ৩ লাখ ১ হাজার ৩০২ জন। অক্টোবরে ৪ লাখ ৫৪ হাজার ৭৬ জন। নভেম্বরে ১০ লাখ ৪০ হাজার ৪৭২ জন। ডিসেম্বরে ৯ লাখ ৭৮ হাজার ১৯৮ জন। ২০২৬ সালের জানুয়ারিতে ৬ লাখ ৫৫ হাজার ৩৬৩ জন। ফেব্রুয়ারিতে ২ লাখ ৯৪ হাজার ৯৮৭ জন। মার্চের প্রথম চার দিনে ৩৬ হাজার ৭০০ জন।
গত বছর নির্ধারিত সময়ের মধ্যে ১৩ লাখ ৯৯ হাজার ৬৫৫ জন করদাতা ই-রিটার্ন জমা দিয়েছিলেন। বিশেষ আদেশে এ বছর ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া ব্যক্তি-শ্রেণির সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
২০২৫-২৬ করবর্ষের ই-রিটার্ন কার্যক্রম গত বছরের ৪ আগস্ট www.etaxnbr.gov.bd� ওয়েবসাইটে উদ্বোধন হয়। এনবিআর বলছে, দেশ-বিদেশের করদাতাদের সক্রিয় অংশগ্রহণ ডিজিটাল কর ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে। সংস্থাটি ব্যক্তি-শ্রেণির সব করদাতাকে আগামী ৩১ মার্চের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে।

