দেশে চলমান গ্যাস সংকটের প্রভাব এবার পড়েছে সার উৎপাদন খাতে। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দু’টি বড় ইউরিয়া সার কারখানা—চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)—সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
সরকারি নির্দেশনার পর গতকাল বুধবার (৪ মার্চ) বিকেল থেকে কারখানা দু’টিতে উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতীয় পর্যায়ে গ্যাস সরবরাহের সংকট মোকাবিলায় শিল্পখাতে গ্যাস ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এর ফলে সার কারখানাগুলো পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না।
স্বাভাবিক সময়ে সিইউএফএল প্রতিদিন প্রায় ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে। অন্যদিকে কাফকোর দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় ১ হাজার ৭২৫ মেট্রিক টন ইউরিয়া এবং প্রায় ১ হাজার ৫০০ মেট্রিক টন অ্যামোনিয়া। বর্তমানে গ্যাসের চাপ কম থাকায় এই বিপুল উৎপাদন সাময়িকভাবে বন্ধ রয়েছে।
কারখানার শ্রমিক ও সংশ্লিষ্ট কর্মীরা জানিয়েছেন, ইউরিয়া সার উৎপাদনের পুরো প্রক্রিয়াই গ্যাসনির্ভর। পর্যাপ্ত চাপের গ্যাস না থাকলে উৎপাদন চালু রাখা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এতে যন্ত্রপাতির ক্ষতির আশঙ্কা থাকে। তাই নিরাপত্তা বিবেচনায় এবং সরকারি নির্দেশনা অনুযায়ী উৎপাদন বন্ধ রাখা হয়েছে। হঠাৎ উৎপাদন বন্ধ হওয়ায় সার সরবরাহ নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেই দ্রুত উৎপাদন পুনরায় চালু করা হবে এবং বাজারে সরবরাহ বজায় রাখার চেষ্টা করা হবে।
এ বিষয়ে কারখানা দু’টির কর্তৃপক্ষের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত সিইউএফএল গত বছরের ১ নভেম্বর প্রায় সাড়ে ৬ মাস বন্ধ থাকার পর আবার চালু করা হয়েছিল। তবে চালুর পর বিভিন্ন যান্ত্রিক সমস্যা ও গ্যাস সংকটের কারণে কারখানাটি বারবার উৎপাদন বন্ধ ও চালুর মধ্যে ছিল। সবশেষ আবারও গ্যাসের ঘাটতির কারণে এটি বন্ধ হয়ে গেল।
অন্যদিকে কাফকোও গত বছরের অক্টোবর মাসে অভ্যন্তরীণ সমস্যার কারণে প্রায় ২ সপ্তাহ উৎপাদন বন্ধ রেখেছিল। পরে উৎপাদন শুরু হলেও নতুন করে গ্যাস সংকট দেখা দেওয়ায় আবার কার্যক্রম স্থগিত করতে হয়েছে।

