দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দ্রুত ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালুর উদ্যোগ নিতে নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বুধবার (২৫ মার্চ) ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে দেশের প্রতিটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, কমনরুম ও ক্যাফেটেরিয়ায় ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হবে। এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করবে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)।
এছাড়া পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ অন্যান্য শিক্ষা ও গবেষণা অবকাঠামোতেও এই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনার কথা সভায় জানানো হয়েছে।

